


চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আজ রাতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। রাত ৩টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটটির ঢাকা ছাড়ার কথা রয়েছে।
বাংলাদেশের জন্য চলতি বছর নির্ধারিত ছিল ১ লাখ ২৭ হাজার ১৯৭ জনের কোটা। কিন্তু হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ প্রায় ৫ হাজার কোটা সৌদি সরকারকে ফেরত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
হজ পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতিও নিয়ে রেখেছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরবে গিয়ে অসুস্থ বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা সেবা দেওয়া জন্য ২০০ সদস্যবিশিষ্ট হজ চিকিৎসক দল থাকছে। চিকিৎসক দলে ১০২ জন চিকিৎসক, ৬৩ জন নার্স-ব্রাদার, ২১ জন ফার্মাসিস্ট ও ১৪ জন ওটি অ্যাসিসট্যান্ট-ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছেন।
হজযাত্রীদের সঙ্গে গাইড হিসেবে যাবেন ২ হাজার ৭১৫ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় গাইড থাকবেন ২২৮ জন এবং বেসরকারিভাবে থাকবেন ২ হাজার ৪৮৭ জন। হজযাত্রী ও গাইডসহ বাংলাদেশ থেকে এবার মোট ১ লাখ ২২ হাজার ২০১ জন হজে যাচ্ছেন।
বাংলাদেশ থেকে হাজীদের অর্ধেক বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি হজযাত্রী বহন করবে সৌদিভিত্তিক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস ও সৌদি এয়ারলাইন্স।
এদিকে হজযাত্রীদের জন্য একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সেগুলো হলো-
১. হজযাত্রীদের জেদ্দা/মদিনাগামী ফ্লাইটের বোর্ডিং পাস ও সিকিউরিটি চেক-ইন এবং বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হজক্যাম্প আশকোনা ঢাকায় সম্পন্ন হবে। সুতরাং প্রত্যেক হজযাত্রীকে অবশ্যই নির্ধারিত ফ্লাইটের কমপক্ষে ১০ ঘণ্টা আগে হজক্যাম্প আশকোনা ঢাকায় যাবতীয় ডকুমেন্টসসহ উপস্থিত হতে হবে।
২. ফিরতি হজ ফ্লাইটের হজযাত্রীকে নির্ধারিত হজ ফ্লাইটের কমপক্ষে ১০ ঘণ্টা আগে জেদ্দা হজ টার্মিনাল/মদিনা এয়ারপোর্টে উপস্থিত হতে হবে।
৩. প্রত্যেক হজযাত্রী ইকোনমি ক্লাসের জন্য সর্বাধিক ২টি ৪৬ কেজি (প্রতি পিস ব্যাগেজের সর্বোচ্চ ওজন ২৫ কেজি) এবং কেবিন ব্যাগেজে ৭ কেজি মালামাল বহন করতে পারবেন। ইনফ্যান্ট বা ২ বছরের নিচের যাত্রী সর্বোচ্চ ১০ কেজি মালামাল পরিবহনের সুবিধা পাবেন।
৪. গোলাকৃতি/গাঁইট জাতীয় ব্যাগেজ বিমানে পরিবহন করা যাবে না। তাছাড়া পাটের দড়ি দিয়ে বাঁধা ব্যাগ, কাপড়ে মোড়ানো ব্যাগ বহনে সৌদি সরকারের নিষেধাজ্ঞা রয়েছে।
৫. বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ প্রত্যেক হজযাত্রীকে ঢাকা/চট্টগ্রাম/সিলেটে আগমনের পর টোকেন প্রদর্শন সাপেক্ষে ৫ লিটার জমজমের পানির ব্যবস্থা করবে। সৌদি কর্তৃপক্ষের নীতিমালা অনুযায়ী হজযাত্রীর ব্যাগেজে পানি বহন করার ক্ষেত্রে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।
৬. হাতব্যাগে কোনো ধরনের ধারালো বস্তু, ছুরি, কাঁচি, নেইল কাটার ও গ্যাস জাতীয় বস্তু, অ্যারোসল এবং ১০০ এমএল-এর বেশি কোনো তরল পদার্থ বহন করা যাবে না এবং কোনো প্রকার খাদ্য সামগ্রী নেওয়া যাবে না।
৭. প্রত্যেক হজযাত্রীকে বহন করা ব্যাগেজের ওপর নাম ও ঠিকানা সংবলিত স্টিকার লাগাতে হবে। যেখানে যাত্রীর নাম, জাতীয়তা, পাসপোর্ট নম্বর, এয়ারলাইন্সের নাম ও ফ্লাইট নম্বর ইংরেজিতে উল্লেখ করতে হবে।
৮. নিরাপত্তাজনিত কারণে হজযাত্রীরা নিজস্ব মালামাল ছাড়া অন্য কারো মালামাল বহন করতে পারবেন না।
এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর আশকোনা এলাকার হাজী অফিসে হজ কর্মসূচি-২০২৩ (১৪৪৪ হিজরি) উদ্বোধন করেন।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
নিউজ /এমএসএম