


সরকার দেশে ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাচ্ছে অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তারা দেশের জনগণকে ভয় দেখিয়ে ঘরে রাখতে চাচ্ছে। আর সাংবাদিকদের ভয় দেখিয়ে তাদের স্বাধীনতা কেড়ে নিতে চাচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব কালো আইন বাতিল, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, দিগন্ত টিভি, চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি, দৈনিক আমার দেশ, দৈনিক দিনকালসহ সকল বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে এ মানববন্ধন হয়।
দুদু বলেন, অন্ধকার যুগ মনে হয় আবার ফিরে এসেছে। গত ১০ থেকে ১৫ বছর দেশে একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুধু মতিউর রহমানের ওপর প্রথম আক্রমণ আসেনি, মাহমুদুর রহমানের ওপর আক্রমণ, বিশিষ্ট বুদ্ধিজীবী সাংবাদিক শফিক রেহমানের ওপর আক্রমণ এসেছে। তিনি এমন আক্রমণের শিকার হয়েছেন যে এই বৃদ্ধ বয়সে দেশ ছেড়ে বিদেশে যেতে হয়েছে। আমার দেশ পত্রিকা, দিনকাল, দিগন্ত টিভি, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান, যুগান্তরের সাংবাদিক মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সারাজীবন গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি স্বৈরতন্ত্রের পক্ষ নিয়েছে। আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদের সংগঠন এ স্বৈরতান্ত্রিক সরকারের পক্ষে অবস্থান নিয়েছে।
বিএনপির এই নেতা বলেন, জাতিসংঘ থেকে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করুন। আর আমাদের সরকার ও আইনমন্ত্রী বলেছেন, এটা বাতিল করার প্রয়োজন নেই। মানুষ খেতে পাচ্ছে না, কাজ নেই চাকরি নেই—এ কথা মানুষ বলতে পারবে না। আর বললেও সাংবাদিকরা লিখতে পারবে না। কী ভয়ংকর ব্যাপার।
শামসুজ্জামান দুদু বলেন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ যেসব সাংবাদিক ও সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, সব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ডিজিটাল নিরাপত্তা আইনের এ টু জেড বাতিলের দাবি জানাচ্ছি।
সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ডিইউজের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী, সহসভাপতি বাছির জামাল, রাশেদুল হক প্রমুখ বক্তব্য দেন।
নিউজ /এমএসএম