


কুলাউড়ার ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মৃত ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্মরণসভা এবং সাবেক ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঘাগটিয়া প্রতিভা আদর্শ পাঠাগারের আয়োজনে শিক্ষকদের স্মরণে এক সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
পাঠাগারের উপদেষ্টা এ.টি.এম নাঈমুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও পাঠাগারের সাধারণ সম্পাদক মো. জুনাব আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশে আজ রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি দেশের সার্বিক বড় বড় মেগা প্রকল্পসহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন হচ্ছে। বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য একটি ডেল্টা প্রকল্প হাতে নিয়েছে। এছাড়াও কুলাউড়ায় শেখ কামাল আইটি পার্ক, মডেল মসজিদ নির্মাণ, টেকনিক্যাল কলেজ এবং হাকালুকি হাওরসহ পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করা হবে। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁর মাধ্যমে কুলাউড়ায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। কুলাউড়া পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসনে একটি বড় প্রকল্প হাতে নেয়া হয়েছে। মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে সেজন্য অচিরেই কুলাউড়া পৌরসভার প্রধান রাস্তা ফোরলেনে উন্নীত হবে। যে প্রকল্পটি খুব শীঘ্রই অনুমোদন পাবে।
প্রধান অতিথি আরও বলেন, প্রটোকল অফিসার থাকাবস্থায় এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিজয় নিশ্চিত করতে কাজ করছি। মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান-রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্টানসহ্ এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। তিনি পাঠাগারের উত্তরোত্তর সফলতা কামনা করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ পাঠাগারের উন্নয়নে ২০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন। এতে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাবেক শিক্ষক মুহিব আলী, শিক্ষকা সৈয়দা নাজিয়া জেবিন, ব্যবসায়ী সেলুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের সহ-সম্পাদক মুরাদ খান। সভাশেষে প্রয়াত শিক্ষকদের রুহের মাগফেরাত ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুস সামাদ।
নিউজ /এমএসএম