শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৮ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তাকে ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট (বিজি-১৭০১) বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করে। এসময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন ও তার স্ত্রী।

এর আগে বেলা ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানের বিশেষ ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

May be an image of 11 people, aircraft and text

দুই দেশের সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে’ উন্নয়নে শেখ হাসিনার সফরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। ৮ থেকে ১১ জুলাই বেইজিংয়ে অবস্থান করবেন তিনি। ১০ জুলাই চীনের রাষ্ট্রপতি শি জিংপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন শেখ হাসিনা।

এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২০ থেকে ২২টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার (৭ জুলাই) নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর সফরে অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা, ৬ষ্ঠ ও ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি এবং দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগের সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হতে পারে। দুই দেশের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনেরও ঘোষণা করা হবে।

May be an image of 11 people, aircraft and text

৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট জিন লিকুন। এরপর বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে চীনের ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ-চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ-সুবিধাবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন সরকারপ্রধান। একই দিন বিকেলে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ প্রধানমন্ত্রী ও কনসাল্টেটিভ পার্টির প্রেসিডেন্ট মি. ওয়াংয়ের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

পরে তিয়েন আনমেন স্কয়ারে পিপলস হিরোদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন শেখ হাসিনা। সন্ধ্যায় বাংলাদেশ হাউসে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে যোগ দেবেন তিনি।

May be an image of 11 people, aircraft and text

১০ জুলাই গ্রেট হল অব দ্য পিপল-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের স্টেট কাউন্সিলের প্রিমিয়ার লি কিয়াংয়ের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এসময় তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকসহ বেশ কিছু নথিতে স্বাক্ষর করা হবে। পরে একই স্থানে চীনের স্টেট কাউন্সিলের প্রিমিয়ার আয়োজিত মধ্যাহ্ন ভোজসভায় যোগ দেবেন শেখ হাসিনা। বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

May be an image of 8 people, aircraft and text

১১ জুলাই স্থানীয় সময় বেলা ১১টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন শেখ হাসিনা। ফ্লাইটটি ওই দিন বাংলাদেশ সময় দুপুর ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১৯ সালের জুলাইয়ে বেইজিং সফর করেছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102