শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

গেস্টরুম নির্যাতন' বক্তব্য এক্সপান্স করল সিনেট সভা

ঢাবির সিনেটে ৯১৪ কোটি টাকার বাজেট উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

২০২৩-২৪ অর্থবছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সিন্ডিকেট সভায় অনুমোদিত ৯১৩ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকার প্রস্তাবিত পরিচালন বাজেট সিনেট অধিবেশনে উপস্থাপিত হয়েছে।

বুধবার (২১ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এ বাজেট উপস্থাপন করেন।

বাজেটে উপস্থাপনায় অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ২০২৩- ২০২৪ অর্থ বছরের জন্য সিন্ডিকেট ৯১৩ কোটি ৮৯ লক্ষ ৮৭ হাজার টাকার প্রস্তাবিত পরিচালন বাজেটের মধ্যে বেতন, ভাতা ও পেনশন বাবদ ৭২৪ কোটি ১২ লক্ষ টাকা যা মোট ব্যয়ের ৬৮ দশমিক ২৯ শতাংশ, গবেষণা মঞ্জুরী বাবদ ১৫ কোটি ৫ লক্ষ টাকা যা মোট ব্যয়ের এক দশমিক ৬৪ শতাংশ, অন্যান্য অনুদান বাবদ ৩৩ কোটি ৭৪ লক্ষ টাকা যা প্রস্তাবিত ব্যয়ের তিন দশমিক ৬৯ শতাংশ, পণ্য ও সেবা বাবদ ২০৮ কোটি ৪ লক্ষ ৩৯ হাজার টাকা যা মোট ব্যয়ের ২২ দশমিক ৭৬ শতাংশ এবং মূলধন খাতে ৩২ কোটি ২৪ লক্ষ ৪৩ হাজার টাকা যা মোট ব্যয়ের তিন দশমিক ৫৪ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট উপস্থাপনায় আরো বলা হয়, এই অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (বিমক) থেকে পাওয়া যাবে ৭৬৮ কোটি ৮০ লক্ষ টাকা, নিজস্ব আয় ধরা হয়েছে ৮৫ কোটি টাকা এবং ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৬০ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার টাকা, যা প্রাক্কলিত ব্যয়ের ছয় দশমিক ৫৮ শতাংশ।

কোষাধ্যক্ষ আরো বলেন, প্রত্যেকের যুক্তিসঙ্গত চাহিদা অনুযায়ী ২০২৩-২০২৪ অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ের সর্বমোট চাহিদা ছিল ৯৭৪ কোটি ৫২ লক্ষ ২৬ হাজার টাকা মাত্র। বিমক বরাদ্দ করে ৭৬৮ কোটি ৮০ লক্ষ টাকা। চাহিদার তুলনায় বরাদ্দের পরিমাণ ২০৫ কোটি ৭২ লক্ষ ২৬ হাজার টাকা কম।

বাজেট উপস্থাপনার পরে সম্পূরক বক্তব্য দেয়ার সময়ে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ঢাবি মেডিকেল সেন্টারের আধুনিকীকরণ, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ বাজেট প্রাপ্তির ব্যবস্থা করা ও একটি আলাদা মেডিক্যাল ফ্যাকাল্টি তৈরি করার দাবি জানান।

এসময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ই-পুলিশিং ব্যবস্থা চালুর দাবি জানান।

বক্তব্য দেয়ার সময় বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ঢাবির হলগুলোতে ছাত্রলীগের একক আধিপত্য রয়েছে এবং তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর গেস্টরুমে নির্যাতন করে থাকে।

এসময় ‘পয়েন্ট অফ অর্ডারে’ তার বক্তব্যকে ‘এক্সপাঞ্জ’ করতে উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আব্দুস ছামাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহীম ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোন ধরনের নির্যাতন হয় না। অধ্যাপক লুৎফর অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, তার বক্তব্য এক্সপাঞ্জ করা হোক। তখন সাদা দলের সাবেক আহবায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম শিক্ষকদের এমন বক্তব্যের নিন্দা জানান।

পরে উপাচার্য সিনেট চেয়ারম্যানের ক্ষমতাবলে বক্তব্য এক্সপাঞ্জ করলে বিকেল পাঁচটায় ওয়াকআউট করেন-অধ্যাপক মো. লুৎফর রহমান ও অধ্যাপক ড. এ বিএম ওবায়দুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো আখতারুজ্জামানের সভাপতিত্বে সিনেট অধিবেশনে আরো উপস্থিত ছিলেন-উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, উবায়দুল মোকতাদির, আব্দুস সোবহান গোলাপ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ, রেজিস্ট্রার গ্রাজ্যুয়েট, শিক্ষাবোর্ডের কর্মকর্তা, প্রক্টর, সিন্ডিকেট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102