শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

ক্ষমতাসীনরা আবারো পুরনো কায়দায় নির্বাচন করতে চায়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

ক্ষমতাসীন আওয়ামী লীগ আবারো পুরনো কায়দায় নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আবারো সেই পুরোনো কায়দায় তারা আরেকটি নির্বাচন করতে চায়। আবার মানুষ যেন ভোট দিতে না পারে, ভোট চুরি করে যেন ক্ষমতায় আসতে পারে এবং তারা যেন আবার ক্ষমতা দখল করতে পারে সে জন্য এখন থেকে তারা হুমকি দিয়ে জনগণকে ভয় দেখাতে চায়।

সোমবার (১ মে) ‘মে দিবস’ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় ঘোষণাপত্র পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মির্জা ফখরুল বলেন, আজকে গোটা বাংলাদেশকে কারাগারে রূপান্তরিত করা হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের স্বাধীনতার সব স্বপ্ন ভেঙে তছনছ করে এই আওয়ামী লীগ সরকার ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তারই পুনরাবৃত্তিতে আবার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় তারা। তারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়, এই সরকার কৃষকবিরোধী সরকার, এই সরকার শ্রমিকবিরোধী সরকার, এই সরকার গণবিরোধী সরকার, জনগণের সাথে এ সরকারের কোনো সম্পর্ক নেই। তাই আজকে তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে।

তিনি আরো বলেন, আজকে আমাদের নিজেদের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, শ্রমিকের স্বার্থে, কৃষকের স্বার্থে, জনগণের স্বার্থে আজকে রুখে দাঁড়াতে হবে।

ক্ষমতাসীনদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, অগ্নিসন্ত্রাস করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। অগ্নিসন্ত্রাস তো করেন আপনারা। নিজেরা অগ্নিসন্ত্রাস করে বিএনপির ওপর দোষ চাপান। বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে বিএনপির ওপর দায় চাপান। রাজধানীর গুলিস্তানে পিটিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করেছেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা জনগণের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে ১০ দফা কর্মসূচি দিয়েছি। এর প্রধান দাবি হচ্ছে- এই সরকারকে পদত্যাগ করতে হবে ও একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তাদের মাধ্যমে নির্বাচন হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার, শ্রমিকদের সরকার, কৃষকদের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মনে রাখতে হবে এই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই। লড়াইয়ের মাধ্যমে সিদ্ধান্ত হবে আগামী দিনে বাংলাদেশ স্বাধীন থাকবে কিনা, দেশের মানুষ মুক্ত থাকবে কি, থাকবে না। এ লড়াই আমাদের মুক্তির লড়াই, আমাদের স্বাধীনতার লড়াই, এ লড়াই দেশনেত্রীকে মুক্ত করার লড়াই, এ লড়াই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার লড়াই।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102