


চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার সব পাহাড়ের তালিকা (দাগ ও খতিয়ানসহ) এবং পাহাড়গুলোর বর্তমান অবস্থা প্রতিবেদন আকারে আগামী ৩ মাসের মধ্যে দাখিল করার নির্দেশ দেন হাইকোর্ট। পরিবেশসচিব, ভূমিসচিব, গৃহায়ন ও গণপূর্তসচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেয়া হয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আজ মঙ্গলবার আদেশ দেন। এসময় বেলার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। তাকে সহযোগিতা করেন আইনজীবী এস হাসানুল বান্না।
চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে অবস্থিত পাহাড়গুলো কাটা বন্ধে ২০১১ সালে জনস্বার্থে রিট করে বেলা। এর চূড়ান্ত শুনানি শেষে ২০১২ সালের ১৯ মার্চ হাইকোর্ট কয়েক দফা নির্দেশনাসহ রায় দেন। জেলাগুলোতে অবস্থিত সব পাহাড় কাটা বন্ধে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেইসঙ্গে ওই এলাকায় পাহাড় কেটে কোনো আবাসন প্রকল্প বা ইটভাটা স্থাপন করা হয়ে থাকলে তা ভেঙে ফেলা এবং পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয় হাইকোর্ট।
নিউজ/এম.এস.এম