


স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কদমতলী থানা আওয়ামী লীগ।
এ সময় শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় এনে বিচার দাবি করেছেন নেতারা।
শনিবার বিকাল ৪ টায় জুরাইন রেলগেট সংলগ্ন চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক সহকারি একান্ত সচিব ড. মো: আওলাদ হোসেন।
আওলাদ হোসেন বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী শত্রুরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার ষড়যন্ত্র করেছিল। বঙ্গবন্ধুর সুযোগ্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। বাংলাদেশ সরকার বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে সফলতা অর্জন করেছে। বাঙালির গৌরবের প্রতীক ‘পদ্মা সেতু‘ এখন বাস্তবতা। অপেক্ষা উদ্বোধনের। আগামী ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন।
এমনি মূহুর্তে স্বাধীনতার শত্রু বিএনপি জামায়াত ও ৭৫ এর ঘাতকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশের স্থীতিশীল রাজনৈতিক পরিবেশ নষ্ট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে চায়। মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও অংগ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি।
বিএনপি জামায়াত ও ৭৫ এর ঘাতকদের যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করার সাংগঠনিক শক্তি আওয়ামীলীগের নেতাকর্মীদের রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় ৩০ মে বিএনপিকে সুষ্ঠুভাবে নিয়মতান্ত্রিক কর্মসুচি পালন করার অনুমতি দেওয়া হয়েছিল। সুযোগ পেয়ে ওরা ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন।
কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়া‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন ৫৩ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মহব্বত হোসেন, ঢাকা জেলা পরিষদের সাবেক নির্বাচিত সদস্য আলমগীর হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী ইয়াসমিন পপি, শ্যামপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরীফ মোহাম্মদ শাহজাহান, কদমতলী থানা আওয়ামীলীগের সদস্য, রোকসানা বেগম পারুল, শহিদ মাহমুদ হেমী, কাজি জাহিদ প্রমুখ।