শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন

মৌলভীবাজারে

শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি’র ভ্রাম্যমাণ প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৩৪ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার শহরের সার্বিক নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় জেলা বিএনপি’র নেতৃবৃন্দরা ট্রাকযোগে মাইকিং করে ভ্রাম্যমাণ প্রচারণা চালাচ্ছেন।

বুধবার সকাল থেকে জেলা শহর ও আশপাশের এলাকাগুলোতে তারা এই প্রচারণা চালান। জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের নেতৃত্বে এই প্রচারণা চালানো হয়। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সদর উপজেলা সভাপতি আলহাজ মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা সহ-সভাপতি হেলু মিয়া, আশিক মোশারফ, সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফয়ছল আহমদ, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মারুফ আহমদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তারা ট্রাকের ভ্রাম্যমাণ মঞ্চ থেকে জনসাধারণের উদ্দেশ্যে অভয় দিয়ে বক্তব্য রাখেন। তারা আহ্বান জানান, সরকারি স্থাপনা, সংখ্যালঘু, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় সকলকে এগিয়ে আসার।

যাতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় শহরসহ ও এ জেলার শান্তি শৃঙ্খলা বজায় থাকে। অপরদিকে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি এম মোক্তাদির রাজু দলীয় নেতাকর্মী নিয়ে মৌলভীবাজার মডেল থানা, কালীবাড়ী মন্দিরসহ শহরের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি রক্ষায় পাহারা দেন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয় বাসিন্দাদের উদ্বুদ্ধ করেন।

শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সোমবার থেকে সার্বিক নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন ছিলেন সংখ্যালঘু, আওয়ামী লীগ ঘরানার ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়। কিছু উচ্ছৃঙ্খল দুষ্কৃতকারীরা বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় হামলা ভাঙচুর চালানোর কারণে স্থানীয় বাসিন্দাদের মাঝে এমন উদ্বিগ্নতা বাড়ে।

এমতাবস্থায় মৌলভীবাজার শহরের সর্বস্তরের বাসিন্দাদের ভয়ভীতি কাটাতে ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সকলের দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানিয়ে শহর জুড়ে মাইকিং করান সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমান।

সেইসঙ্গে দলের নেতাকর্মীদের শান্তি শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল প্রহরীর ভূমিকা পালনের নির্দেশ দেন। এম নাসের রহমানের এমন উদ্যোগ জেলা শহরের আইনশৃঙ্খলা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তার এমন মাইকিং ও নির্দেশনার পর থেকে দলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা বাসাবাড়ি, সংখ্যালঘুদের বাসাবাড়ি ও ধর্মীয় উপাসনালয় রক্ষায় সক্রিয় হন। তাদের সার্বিক সহযোগিতায় শহর জুড়ে অনেকটাই স্বাভাবিক অবস্থা ও শান্তি শৃঙ্খলা ফিরছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102