
বিগত বেশ কিছু দিন ধরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র নিয়ে বিতর্ক চলছে। বিজেপি সরকারের পক্ষে এই তথ্যচিত্রকে প্রচারমূলক আখ্যা দেয়া হয়েছে। এরই মধ্যে প্রথম বারের মত বিবিসির তথ্যচিত্র নিয়ে ইঙ্গিতবহ মন্তব্য শোনা গেল মোদীর গলায়।
শনিবার দিল্লি ক্যান্টনমেন্টের ক্যারিয়াপ্পা গ্রাউন্ডে এনসিসির সমাবেশে বক্তৃতা রাখতে গিয়ে মোদী বলেন, দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা চলছে। এই পরিস্থিতিতে ভারতকে এগিয়ে যেতে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।
মোদী বলেন, বিভিন্ন ইস্যু বের করে মা ভারতীর সন্তানদের মধ্যে ফাটল সৃষ্টির চেষ্টা চলছে। তবে দেশের জনগণের মধ্যে যতই বিভেদ সৃষ্টির চেষ্টা হোক না কেন, দেশের মানুষ সর্বদা একজোট থাকবেন। মায়ের কোলে কখনও বিভেদ তৈরি করা যায় না।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ঐক্যের মন্ত্রই চূড়ান্ত প্রতিষেধক। একমাত্র এই উপায়তেই স্বমহিমা অর্জন করতে পারবে ভারত। মোদী দাবি করেন, এটা স্পষ্ট যে ভারতের সময় এসে গেছে। স্বপ্নগুলো যখন লক্ষ্যে পরিণত হয় এবং এর জন্য যখন জীবন উৎসর্গ করে দেয়া হয়, তখন সাফল্য নিশ্চিত হয়।
বিগত বেশ কয়েকদিন ধরেই গুজরাট দাঙ্গার সময় নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বিবিসি তথ্যচিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে। একে ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে ভারতজুড়ে এর প্রদর্শন এবং সামাজিক মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা জারি করে সরকার। তবে বিরেধী ছাত্র সংগঠনগুলো এটি প্রদর্শনের ডাক দেয়। এর জেরে হায়দরাবাদ, দিল্লি বিশ্ববিদ্যালয় সহ বেশকিছু বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা দেখা দেয় । গ্রেপ্তার করা করা অনেক ছাত্রকে।
উল্লেখ্য, ‘ইন্ডিয়া:দ্য মোদী কোয়েশ্চন’-এর দুই পর্বে ২০০২ সালে গুজরাট দাঙ্গায় মোদীর 'ভূমিকা' তুলে ধরা হয়েছে বিবিসির এই তথ্য চিত্রে। বিজেপি সরকারের অভিযোগ, এই তথ্যচিত্রটিতে প্রধানমন্ত্রী তথা গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ভুল চরিত্রায়ণ' হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইউটিউব ও টুইটারে সেই তথ্যচিত্র সংক্রান্ত যাবতীয় ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেয়। সূত্র: হিন্দুস্তান টাইমস
নিউজ /এমএসএম
Bangladesh Office: Mostofapur Road (In Front Of Sadar Hospital), Moulvibazar-3200
UK Office: Alam House, Bristol, UK. E-mail: news.ukbdtv@gmail.com, ukbdtv@gmail.com
Copyright © 2026 ইউকে বিডি টিভি. All rights reserved.