

অর্থনৈতিক প্রতিবেদক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে ৩৬ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। গত বুধবার দিন শেষে রিজার্ভ নামে ৩৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে। ২০২০ সালের ৩০ জুনের পর যা সর্বনিন্ম। আগের দিন মঙ্গলবার রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১১ বিলিয়ন ডলার।
বৈদেশিক মুদ্রার সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় প্রতিনিয়ত রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। মূলত এর ফলে রিজার্ভ কমছে। এছাড়া রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহেও তেমন গতি নেই। আবার আমদানি ব্যয়ও কমানো সম্ভব হয়নি। অবশ্য আমদানি ব্যয় কমানো ও রেমিট্যান্স বাড়াতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগ চলমান আছে। তবে নানা কারণে বৈদেশিক মুদ্রার সরবরাহ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। পরিস্থিতি সামলাতে সরকার এখন আইএমএফের ঋণ নিতে চাইছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে আমদানি ব্যয় প্রায় ১৭ শতাংশ বেড়ে এক হাজার ২৬৯ কোটি ডলার হয়েছে। আর সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে রপ্তানি আয় ১৩ দশমিক ৩৮ শতাংশ বেড়ে এক হাজার ২৫০ কোটি ডলার এসেছে। একই সময়ে প্রবাসী আয় মাত্র ৪ দশমিক ৮৯ শতাংশ বেড়ে হয়েছে ৫৬৭ কোটি ডলার। প্রথম দুই মাসে রপ্তানি ও রেমিট্যান্স বেড়েছিল। তবে সেপ্টেম্বরে কমেছে। সব মিলিয়ে চলতি হিসাবের ভারসাম্যে বড় অংকের ঘাটতি তৈরি হয়েছে। সামগ্রিক ভারসাম্যেও ঘাটতি দেখা দিয়েছে।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম
Bangladesh Office: Mostofapur Road (In Front Of Sadar Hospital), Moulvibazar-3200
UK Office: Alam House, Bristol, UK. E-mail: news.ukbdtv@gmail.com, ukbdtv@gmail.com
Copyright © 2026 ইউকে বিডি টিভি. All rights reserved.